চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ৪:১৩ অপরাহ্ণ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
 
 
সোমবার (২ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরে ছুটি ঘোষণা করা হয়েছে প্রায় দেড় শতাধিক কারখানা। 
 
 
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ ঘটনায় সাংবাদিকসহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন।
 
 
সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।
 
 
অন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
 
 
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জানান, আজকেও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে প্রায় দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।
 
পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট