চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ছেলের রেজাল্ট ফেসবুকে দিয়ে বিপাকে ছাত্রদল সভাপতি

আট বছর পর ভাঙল চুয়াডাঙ্গা কমিটি

ছেলের রেজাল্ট ফেসবুকে দিয়ে বিপাকে ছাত্রদল সভাপতি

অনলাইন ডেক্স

১ নভেম্বর, ২০২৬ | ১০:১৩ অপরাহ্ণ

ছেলের এইচএসসি পাসের আনন্দে ভেসেছিলেন জেলা ছাত্রদল সভাপতি। ফেসবুকে সেই বিজয়ের উল্লাস ভাগ করে নেওয়ার রেশ কাটতে না কাটতেই এলো বড় ধাক্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া তীব্র আলোচনা ও বয়সের হিসাব-নিকাশের মাঝেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে গুটিয়ে ফেলা হয়েছে প্রতিবেশী মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে অবশ্য কমিটি বাতিলের আনুষ্ঠানিক কারণ হিসেবে ‘মেয়াদোত্তীর্ণ হওয়া’র কথা বলা হয়েছে।

গত শনিবার প্রকাশিত হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশের পরই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান তাঁর ভেরিফায়েড বা ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছেলের এইচএসসি পাস করার সুসংবাদ জানিয়ে ছবিসহ একটি পোস্ট দেন। আর এই পোস্টই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নেতার ছেলের বয়স আর নিজের রাজনৈতিক বয়স নিয়ে মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা রসাত্মক আলোচনা ও সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে, ছাত্রদল নেতার ছেলে যদি এইচএসসি পাস করেন, তবে নেতার নিজের বয়স ও ছাত্রত্ব আসলে কোথায় গিয়ে ঠেকেছে!

জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন দুই বছর মেয়াদি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সংসদ। অথচ সেই কমিটি টেনেহিঁচড়ে পার করেছে দীর্ঘ আট বছর!

কমিটি বিলুপ্তির সত্যতা নিশ্চিত করে বিদায়ী সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরেই নতুন কমিটির জন্য কেন্দ্রে যোগাযোগ করছিলেন। তবে এভাবে একটি ‘হালকা চালে দেওয়া ফেসবুক পোস্টের’ খেসারত হিসেবে কমিটি ভেঙে দেওয়া হবে, তা তিনি কল্পনাই করতে পারেননি। সভাপতির খাম খেয়ালিপনাকে এই পরিণতির জন্য দায়ী করে তিনি বলেন, ছেলের এইচএসসি পাশের ফল নিয়ে নেতার এভাবে প্রকাশ্যে ফেসবুকে না এলেও চলত।

এদিকে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তে কোনো দ্বিমত বা ক্ষোভ নেই বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি শাজাহান খান। দীর্ঘ ২৮ বছর ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার দাবি করে তিনি বলেন, তৃণমূল থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি দলের জন্য ইতিবাচক ভূমিকা পালন করে গেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, দলের হাইকমান্ড বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে তিনি আগামীতে যুবদলের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা পোষণ করেন।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়া এই দুই ইউনিটে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে ছেলের পাস করা নিয়ে নেতার সেই ফেসবুক পোস্ট যে দলীয় রাজনীতিতে এক দারুণ আলোচনার খোরাক জুগিয়েছে, তা বলাই বাহুল্য।

পূর্বকোণ/মেহেদী/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট