চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ণ

সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার বাড়াতে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলা চত্বর ঘুরে দেখবেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
 
রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী ৩ ও ৪ নভেম্বর আয়োজিত এই এক্সপোতে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ছাদের প্রতিটি ইঞ্চি করুন ব্যবহার, সৌর বিদ্যুতে আয় বাড়ান বারবার’। সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে।
 
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেড (ইডকল)-এর যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক মেলার আয়োজন করা হচ্ছে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’।
 
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি দূর করতে এবং তীব্র গরমে জনগণের ভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। 
 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
 
আয়োজকদের সূত্রে জানা গেছে, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং নবায়নযোগ্য শক্তি খাতে সরকারের গৃহীত নীতিমালা ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এক্সপোতে সৌরশক্তি খাতের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারী, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও সবুজ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ তৈরি এবং তহবিলের ব্যবস্থা করার সুযোগ থাকবে।
 
দুই দিনের এ আয়োজনে প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সৌর খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল ফর বাংলাদেশ’স সোলার রেভল্যুশন’ প্রতিপাদ্যে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।
 
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট