চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দায়রা আদালতেও জামিন মেলেনি এমপি নজরুলের

দায়রা আদালতেও জামিন মেলেনি এমপি নজরুলের

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২৬ | ৩:১০ অপরাহ্ণ

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যা প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম দায়রা আদালতেও জামিন পাননি।
 
রবিবার (১ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
 
বাদীর সঙ্গে আপস করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একাধিকবার জামিন আবেদন করেও ব্যর্থ হন নজরুল। এরপর জামিন চেয়ে দায়রা আদালতে আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
 
এই মামলায় গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এরপর গত ২৪ সেপ্টেম্বর গাজী নজরুলের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরপর গত ৩০ সেপ্টেম্বর গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম জামিন পেয়েছেন।
 
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন নিহত মরিয়মের বাবা এস. এম. মাসুম বিল্লাহ। মামলার অপর আসামি হলেন বাদীর শ্যালক মো. ওবায়দুর রহমান।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট