চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে, পাসের হারে মেয়েরা

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে, পাসের হারে মেয়েরা

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৬ | ২:২৯ অপরাহ্ণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছেলেরা।

 

 

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।

 

 

ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

 

 

তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এবার ছাত্রীদের পেছনে ফেলেছেন ছাত্ররা। মোট ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। হিসাবে ছাত্রীদের চেয়ে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ-৫ পেয়েছেন।

 

 

ফল পর্যালোচনায় দেখা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর চেয়ে কম পাসের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসি পরীক্ষায় পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর গত ২১ বছরে পাসের হার আর কখনো এত নিচে নামেনি। সেই হিসাবে এবার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার।

 

 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারা দেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।

 

 

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট