সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে তা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। বরাদ্দ নেওয়ার পর যারা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ বা কোনো কক্ষ অন্য ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদেশ অমান্য করলে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে।
বৃহস্পতিবার সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারি কোয়ার্টারগুলো পরিদর্শনের সময় অনেক বরাদ্দ গ্রহীতার বিরুদ্ধে ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়ার সত্যতা মিলেছে। পরিদপ্তরের মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘বাংলাদেশ সরকারি আবাসন বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর সম্পূর্ণ পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ অক্টোবরের পরও যদি কোনো সরকারি বাসায় অবৈধ ভাড়াটিয়া বা সাবলেট রাখার প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট বরাদ্দবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে বরাদ্দ বাতিল করা হবে। এ ক্ষেত্রে পৃথক কোনো নোটিশ দেওয়া হবে না।
এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী অনিয়মে জড়িত কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দফতর-প্রধানকে বিষয়টি অবহিত করা হবে এবং তার বিরুদ্ধে কড়া বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে সরকারি আবাসন পরিদপ্তর।
পূর্বকোণ/রানা/পারভেজ


















