চট্টগ্রাম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ ব্যবহার করেছি:শিক্ষামন্ত্রী

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ ব্যবহার করেছি:শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ | ২:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে স্পষ্ট করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পোস্টে এই ব্যাখ্যা দেন তিনি।
 
 
সমালোচনার সৃষ্টি করা সে বক্তব্যে ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানান তিনি।
 
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন ও বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চাই। সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তার এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গে আমি কথা বলেছিলাম।
 
 
ড. মিলন লেখেন, ‘আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের বিপুলসংখ্যক মানুষ প্রতিনিয়ত অবহেলা, বঞ্চনা ও সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব প্রতিকূলতা অতিক্রম করে তাঁদের উচ্চশিক্ষায় এগিয়ে আসার দৃষ্টান্তটি তুলে ধরাই ছিল আমার বক্তব্যের মূল উদ্দেশ্য।’
 
শব্দচয়ন নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির বিষয়ে মন্ত্রী বলেন, ‘বক্তব্যের সময় অসাবধানতাবশত ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করে ফেলেছিলাম। প্রকৃতপক্ষে আমার অভিপ্রেত এবং উদ্দেশ্যমূলক শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।’
 
 
ফেসবুক পোস্টের শেষে মন্ত্রী বলেন, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।
 
পূর্বকোণ/মিফতা
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট