চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়ল

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৮:৩৫ অপরাহ্ণ

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নম্বরপ্লেট লাগানো যাবে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করে বিআরটিএ। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

 

এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেকটিভ ধাতব প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে।

এর পাশাপাশি মোটরসাইকেলের সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

 

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটে অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

 

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।

 

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে একটি আনুভূমিক রেখায় রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা যাবে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট