চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্রতি তিন মাসে মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, কিনবেন কীভাবে

প্রতি তিন মাসে মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, কিনবেন কীভাবে

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৬:৩২ অপরাহ্ণ

নিরাপদ বিনিয়োগের পাশাপাশি প্রতি তিন মাস পর পর নিশ্চিত মুনাফা পেতে চাইলে “তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র” একটি চমৎকার বিকল্প হতে পারে। ৩ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করার পর নির্দিষ্ট সময় পরপর নিয়মিত মুনাফা তোলার সুবিধা রয়েছে। সাধারণ ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এই সঞ্চয়পত্র কিনতে পারে।
 
 
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে তিন বছর মেয়াদ পূর্ণ হলে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ। তবে এই সীমার বেশি বিনিয়োগ করা হলে মুনাফার হার কিছুটা কমে ১১ দশমিক ৭৭ শতাংশ হয়। এছাড়া মেয়াদপূর্তির আগেই সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেললে মুনাফার হার হ্রাস পায়।
 
যে মূল্যমানের সঞ্চয়পত্র পাওয়া যায়:
 
এক লাখ, দুই লাখ, পাঁচ লাখ ও ১০ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র কেনা যায়। জেলা সঞ্চয় অফিস, জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, বাণিজ্যিক ব্যাংক ও ডাকঘর থেকে এটি কেনা এবং নগদায়ন করা যায়।
 
কারা কিনতে পারবেন:
দেশের সব পেশা ও শ্রেণির সাধারণ নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। পাশাপাশি, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানও এতে বিনিয়োগের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে—স্বীকৃত ভবিষ্য তহবিল,কৃষি ও খামারভিত্তিক নির্দিষ্ট প্রতিষ্ঠান, অটিস্টিক ব্যক্তিদের সহায়তাকারী সংস্থা, এবং দুস্থ, অনাথ ও প্রবীণদের নিবন্ধিত আশ্রয়কেন্দ্রগুলো।
 
 
 
সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে:
একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যুগ্ম নামে ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যায়। এ ছাড়া নির্দিষ্ট শর্তে প্রতিষ্ঠান, ফার্ম ও বিভিন্ন নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য আলাদা বিনিয়োগসীমা রয়েছে।
 

কর ও অন্যান্য সুবিধা

মুনাফার ওপর উৎসে কর কাটা হয়। নিবন্ধিত কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলে কর ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট তথ্যে। তবে বিনিয়োগের আগে বর্তমান করবিধি যাচাই করা প্রয়োজন।

এ সঞ্চয়পত্রে নমিনি নিয়োগ করা যায়। ক্রেতার মৃত্যুর পর নমিনি নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন অথবা মেয়াদ পর্যন্ত মুনাফা তুলতে পারেন। মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে আগে দেওয়া অতিরিক্ত মুনাফা মূল টাকা থেকে সমন্বয় করা হতে পারে।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট