চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৫:০৯ অপরাহ্ণ

ভারতের দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১৬ নভেম্বর দায়িত্ব নেবেন আসাদ আলম সিয়াম । পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা যায়।

 

আসাদ আলম বর্তমানে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।

 

আর রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন।
আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনীতিক।

 

তিনি ১৯৯৫ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি।

 

কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস, ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্সও সম্পন্ন করেছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় এবং ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। ব্যাংককে ইউএন এসক্যাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এ ছাড়া ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দফতরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট