লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শোনেন ওয়ালিদ নামের একজন প্রতিপক্ষ তাকে গুলি করেন। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে জানান তারা। সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খোরশেদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















