চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানি কাল

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬ | ২:৫৮ অপরাহ্ণ

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়বে কি না, তা নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পরিবহণ, মজুত ও বিপণন খরচ বৃদ্ধির কথা উল্লেখ করে এলপিজির ভোক্তাপর্যায়ের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা।

 

বিইআরসি সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের দাম সংশোধনের প্রস্তাব নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে এলপিজি বোতলজাতকরণ, মজুত ও বিক্রির বিভিন্ন পর্যায়ে ব্যয় এবং ব্যবসায়ীদের প্রস্তাবিত লভ্যাংশ পর্যালোচনা করা হবে।

 

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের বিভিন্ন সিলিন্ডারের দাম আনুপাতিক হারে বাড়ানো হয়। তখন প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১৫৩ টাকা ৬ পয়সা।

 

এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।

 

বিইআরসির সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৮৪২ টাকা, ১২ কেজির ১ হাজার ৮৩৭ টাকা এবং সাড়ে ১২ কেজির ১ হাজার ৯১৩ টাকা।

 

এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়।

 

অন্যদিকে, ২২ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

ব্যবসায়ীদের বাড়তি ব্যয়ের প্রস্তাব গণশুনানিতে পর্যালোচনার পর এলপিজির দাম নিয়ে সিদ্ধান্ত দেবে বিইআরসি। তবে দাম বাড়বে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট