চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬ | ২:১০ অপরাহ্ণ

বিদ্যুৎ খাতে অতীতে হওয়া ব্যাপক অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরির জন্যই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রুহুল কবির রিজভী।

 

তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রতিটি খাত ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। 

 

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’।

 

বক্তব্যে রিজভী উল্লেখ করেন, দেশে শতভাগ বিদ্যুতায়নের দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন; প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। অনেক দরিদ্র পরিবার বাধ্য হয়ে বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। ফলে কেবল বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে প্রকৃত দারিদ্র্য নিরূপণ করা সম্ভব নয়। তিনি এ সংক্রান্ত পরিসংখ্যানগুলো আরও যাচাই-বাছাই ও বাস্তবমুখী গবেষণার ওপর জোর দেন।

 

সৌরবিদ্যুতের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের দারুণ সুযোগ রয়েছে। বাসা-বাড়ির ছাদভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে তা জাতীয় গ্রিডে যোগ করা গেলে তা বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থানও বাড়াবে। চলমান বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও হতাশ না হয়ে বিকল্প উৎসের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

 

রিজভী তাঁর বক্তব্যের শেষাংশে আশা প্রকাশ করেন যে, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতা বজায় রাখলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট দ্রুতই কেটে যাবে। তবে এ খাতে অতীতের দুর্নীতি যেন ফিরে না আসে, সেজন্য প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় রাখা আবশ্যক।

 

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত গণসংলাপে অন্যান্যের মধ্যে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম এবং বিভিন্ন গবেষণাভিত্তিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট