চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা সেই নারী ব্যবসায়ীর জামিন

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা সেই নারী ব্যবসায়ীর জামিন

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬ | ১:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’—এমন মন্তব্য করায় আলোচনা ও সমালোচনার জন্ম দেওয়া নারী ব্যবসায়ী সাথী আক্তারকে (৩০) নিজ জিম্মায় জামিন দিয়েছেন আদালত।

 

বুধবার (আজ) দুপুরে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।

 

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, নির্ধারিত ধার্য তারিখে সাথী আক্তারকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আইনগত লড়াই পরিচালনা করেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫০০ টাকার বন্ডে তার নিজ জিম্মায় জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকেই তাকে হাজতখানা থেকে মুক্তি দেওয়া হয়।

 

জানা গেছে, সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালান। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে। গত রবিবার ‘সাথী মেকওভার’ নামক ফেসবুক আইডি থেকে দুটি পৃথক লাইভে অংশ নেন তিনি। ভিডিওগুলোতে নিজের প্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনার বিচার চাইতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একপর্যায়ে মন্তব্য করেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

 

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা তার পার্লার ঘেরাও করে বিচারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ রবিবার রাতে তাকে হেফাজতে নেয় এবং পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করেছিল।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আবেগময় বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, আদালতের এই জামিন আদেশের মধ্য দিয়ে তার আইনি প্রক্রিয়ায় একটি সুরাহা হলো। নিজ জিম্মায় মুক্তি পাওয়ার পর এই নারী ব্যবসায়ী এখন মুক্ত বাতাসে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাচ্ছেন।

পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট