চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্রথম বউ রেখে শ্যালিকাকে বিয়ে:লাইভে যুবক চাইলেন ক্ষমা ,দিলেন তালাকের ঘোষণা

প্রথম স্ত্রীকে রেখে বিয়ে

‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাক মাসুদের

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬ | ১:০৬ অপরাহ্ণ

নওগাঁয় প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলা সেই মাসুদ ফেসবুকে লাইভে এসে জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ওই শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিযুক্ত যুবক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড বা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন ওই যুবক। লাইভ চলাকালীন তাকে বারবার হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। নিজের অপরাধ স্বীকার করে তিনি বলেন, “আমার সবচেয়ে বড় ভুল ছিল প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করা। অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে। যদি বুঝতাম এমন সম্পর্ক সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম, তবে আমরা কখনোই এ ধরনের ঘটনা ঘটাতাম না।”

এর আগে গত রোববার (২৫ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার বাসিন্দা ও টিকটককর্মী ওই যুবক তার প্রথম স্ত্রীর ছোট বোনকে (২১) বিয়ে করেন। এর আগে ২৪ অক্টোবর বদলগাছী উপজেলার একটি ভাড়া বাসায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছিল। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
ইসলাম ধর্মে একসঙ্গে দুই বোনকে একসঙ্গে বিয়ে করার বিধান না থাকায় বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে গত সোমবার (২৬ অক্টোবর) রাতে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই যুবক ও তার দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটায়, যার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি অনুকূলে না থাকায় এবং সামাজিক চাপের মুখে অবশেষে নতি স্বীকার করেছেন ওই যুবক। লাইভের শেষাংশে তিনি জানান, সমাজ ও পরিস্থিতি যেভাবে চাইবে, তিনি এখন সেভাবেই জীবন পরিচালনা করবেন। এছাড়া তাকে ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়ে তিনি সাফ জানিয়ে দেন যে, ভুল বুঝতে পেরে তিনি ওই শ্যালিকাকে দ্রুত তালাক দেবেন।

পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট