মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ জন্য অনুমোদিত মেডিকেল সেন্টার নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখের আগে কোনো কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের পরীক্ষার আগে তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও নির্ধারিত সক্ষমতা বিবেচনায় তালিকায় থাকা কোনো কেন্দ্র বাদ পড়তে পারে, আবার নতুন কেন্দ্রও যুক্ত হতে পারে।
৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে না। একই সঙ্গে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে না।
এদিকে, অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ ধরনের প্রতারণা এড়াতে অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা অর্থ জমা না দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত নথি জমা দিতে হবে।
সরকারি নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত কিংবা মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ-সংক্রান্ত অনিয়মের তথ্য থাকলে ঘটনার তারিখ, স্থান, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।
এ জন্য [email protected] ঠিকানায় ইমেইল করা যাবে।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বকোণ/পল্লবী



















