চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

যৌন হয়রানির মিথ্যা মামলা, বাদী গেলেন কারাগারে

যৌন হয়রানির মিথ্যা মামলা, বাদী গেলেন কারাগারে

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ণ

ফরিদপুরে মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করায় বাদী শাহিনুর বেগম নামে নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিন কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম (৩৮) জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

গত ২০২৪ সালের ১৮ মার্চ একই এলাকার বাসিন্দা সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লার (২০) বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মিথ্যা যৌন হয়রানির মামলাটি দায়ের করেছিলেন শাহিনুর বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছিল, গত ২০২৪ সালের ১৬ মার্চ রাত ১০টার দিকে গৃহবধূ শাহিনুর বেগম বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে একই এলাকার বাসিন্দা সাগর মোল্লা ও ইকরামুল মোল্লা গৃহবধূকে পেছন থেকে এসে জাপটে ধরে এবং টানা হেচড়া করে যৌন হয়রানি করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে, লোকজন আসতে দেখে সাগর ও ইকরামুল পালিয়ে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মামলাটির সাক্ষ্য দিতে আদালতে আসেন বাদী শাহিনুর বেগম। আসামী পক্ষের আইনজীবীদের জেরাকালে বাদী শাহিনুর বেগম যে মামলাটি দায়ের করেছেন তা মিথ্যা, তার প্রমাণ উঠে আসে।

মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে অভিযুক্ত করে মামলার বাদী শাহিনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করার অভিযোগে অভিযুক্ত করে মামলার বাদী শাহিনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এই রায়ের মধ্যে দিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি।

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট