চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সরকারি বাসা-স্থাপনায় মশার লার্ভা পেলেই জরিমানা

বাতিল হতে পারে বাসার বরাদ্দও

সরকারি বাসা-স্থাপনায় মশার লার্ভা পেলেই জরিমানা

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ৭:৫৫ অপরাহ্ণ

সরকারি বাসা বা স্থাপনায় অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে বড় অঙ্কের জরিমানা করা হবে। সরকারি বাসার বরাদ্দও বাতিল হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় এ নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই সচেষ্ট।

বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টার পরিদর্শনে এডিস মশার লার্ভা ও পরিচ্ছন্নতার বিষয়ে চরম অবহেলার চিত্র পাওয়া গেছে।

পরিবীক্ষণ দলগুলোর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন।

যেখানে অনিয়ম বা এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা নিতে হবে এবং কঠোর জরিমানা করতে হবে। পরিচ্ছন্নতার বিষয়ে কোনো আপস করা হবে না।

সভায় ঢাকার বিভিন্ন লেক ও খালের উন্নয়নকাজের অগ্রগতিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেকের পরিচ্ছন্নতা নিশ্চিত করে সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে। নগরীতে ডাস্টবিন চুরি ঠেকাতে ফাইবার বোর্ডের নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনে ১০টি করে কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

মীর শাহে আলম আশা প্রকাশ করেন, পরিবীক্ষণ দলগুলোর সমন্বিত ও কঠোর ভূমিকার ফলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট