রাজধানীর কেরানীগঞ্জের একটি খেলনা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাকিব নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নারিকেলবাগ এলাকায় অবস্থিত ‘এসএস টয় ইন্ডাস্ট্রিজ’ নামের প্রতিষ্ঠানটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে কেরানীগঞ্জ থেকে ২টি এবং পোস্তগোলা থেকে ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৩২ মিনিট থেকে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে সদর দপ্তর থেকে আরও ৩টি ইউনিট ব্যাকআপ হিসেবে আনা হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে ব্রিফিংকালে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আটতলা ভবনের অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার ফাইটাররা ভেতরে পৌঁছে তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। প্রাথমিক ধারণামতে, খেলনা প্রস্তুতের কাজে ব্যবহৃত কেমিক্যাল বা রঙের রাসায়নিক উপাদান থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮-২০ বছর বয়সি সাকিব নামে এক কারখানা কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দগ্ধ অপর দুজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে ৪৫ বছর বয়সি মানিকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জানান, মানিকের শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হচ্ছে।
কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাজী নজমুজ্জামান জানান, ভবনটিতে প্রয়োজনীয় অগ্নিনিরোধক ব্যবস্থার চরম ঘাটতি ছিল। ফায়ার এক্সটিংগুইশার ছাড়া সেখানে সুরক্ষার অন্য কোনো সরঞ্জাম চোখে পড়েনি। এমনকি কারখানা পরিচালনায় প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও ছিল না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
পূর্বকোণ/রানা/পারভেজ



















