জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। এসব পাখির নিরাপদ বিচরণ ও অভয়ারণ্য নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন জলাশয় পরিযায়ী পাখির বিচরণক্ষেত্র। পাখির নিরাপদ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিরাপদ দূরত্ব থেকে পাখি পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেয়া ও উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
পাখিকে ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে পানির বোতল ও পলিথিন না ফেলারও নির্দেশনা দেয়া হয়েছে। পাখির নিরাপদ বিচরণক্ষেত্র ও অভয়ারণ্য নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















