সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
এদিকে, স্বামীর নিরাপদে থাকার খবরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তার স্ত্রী বেগম সালমা আসিফ।
ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সালমা আসিফ লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’ সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে স্বামীর নিরাপত্তা নিয়ে স্বস্তি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর।
ফলে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি। আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আসিফ আকবর কোনও মন্তব্য করেননি।ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
পূর্বকোণ/মিফতা


















