দীর্ঘ যান্ত্রিক ত্রুটির কারণে ১৬ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটের দিকে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপ-মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
কারখানা সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ৬ অক্টোবর গভীর রাতে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। এরপর ৭ অক্টোবর রাতে কারখানার বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে আজ (শুক্রবার) সকালে সেই সমস্যা সমাধান হলে কারখানায় আবারও উৎপাদন শুরু হয়।
এ বিষয়ে কারখানাটির উপ-মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, গত ৭ অক্টোবর রাতে কারখানার বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। সেই সমস্যা সমাধান হওয়ায় আজ সকালে থেকে কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানাটি প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৫ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে উৎপাদন হ্রাস পেয়ে নেমে আসে ১ হাজার ২০০ মেট্রিক টনে। উৎপাদনে থাকা অবস্থায় উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ জামালপুর, শেরপুর, টাঙ্গাইল জেলায় ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ করে থাকে যমুনা সার কারখানা।
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















