আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামসহ সারা দেশেই এর প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে শুরু করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, রংপুর বিভাগে তাপমাত্রার পতন বেশ স্পষ্ট। তেঁতুলিয়ায় দিনে ও রাতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। রাজারহাট ও দিনাজপুরে তা ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এ ছাড়া রাজশাহী ও ঈশ্বরদীতেও তাপমাত্রা কমেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র আরো বলছে, আগামী সপ্তাহে বর্তমান আবহাওয়া চিত্র কেটে গেলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা আছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই প্রবণতা আরও জোরালো হতে পারে।
বঙ্গোপসাগরে লঘুচাপ
এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে শনিবার নিম্নচাপে এবং পরে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এই মুহূর্তে বাংলাদেশের ওপর এর কোনো প্রভাব নেই। ২৫ অক্টোবরের পর উপকূলীয় এলাকায় গুটি গুটি বৃষ্টি হতে পারে।
আগামী দুই দিনের আবহাওয়া
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তর।
পূর্বকোণ/আদর/পারভেজ


















