চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ইরানের ওপর এ মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক নয় : নেতানিয়াহু

ইরানের ওপর এ মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক নয় : নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে আগ বাড়িয়ে হামলা চালানোর পক্ষে নন তিনি।

তবে ইরান বা দেশটির মিত্রগোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “নির্বাচনের আগে ইরানে হামলা চালানো আমাদের জন্য সুবিধাজনক হবে না। ভাল হবে না।”

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় পার্লামেন্ট নেসেটের নির্বাচন হবে। অপরদিকে ৪ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন।

প্রতিবেদন জানিয়েছে, ইসরায়েলের নির্বাচন হওয়ার আগেই ইরানে আরেকবার হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু। এ প্রতিবেদন প্রকাশের পর আজ বুধবার আর্মি রেডিওতে এসে ইঙ্গিত দিলেন, এ মুহূর্তে ইরানে হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই।

নেতানিয়াহু আর্মি রেডিওকে আরও বলেছেন, যদি তার দল লিকুড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে তাহলে বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না।

উগ্রপন্থি বেন গিভির নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন, লিকুড পার্টির সঙ্গে জোট করে যদি তারা আবারও ক্ষমতায় আসতে পারেন, তাহলে তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিতে হবে।

তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, বেন গিভির এ পদ পাবেন না। তিনি বলেন, “বেন গিভির এ পদটি চায়। কিন্তু এ ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি লিকুড পার্টির মধ্যেই থাকবে।”

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে ইরানও নিজেদের প্রস্তুত করছে। জানা গেছে, ইরান যদি টের পায় মার্কিনি ও ইসরায়েলিরা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে ইরানই আগে হামলা চালাবে।

সূত্র: আলজাজিরা

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট