আবারও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি। সৌদি আরবে তেল সরবরাহে ঝুঁকি এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ নিয়ে টানাপোড়েনের মধ্যে বাড়ল তেলের দাম।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ১০৬.৫৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৯৪ ডলারে পৌঁছায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫.৬৯ ডলারে দাঁড়ায়। তবে ডব্লিউটিআইয়ের দাম ০.৪ শতাংশ বেড়ে ৯৪.১৪ ডলারে স্থির হয়।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। এতে সেখানে সীমিত আকারে আগুন লাগে বলে বুধবার জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
সৌদি আরব ও হুরিদের মধ্যে সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে দামের ওপর চাপ তৈরি করছে। অন্যদিকে রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা জ্বালানি বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন হিসাব-নিকাশ তৈরি করেছে। সূত্র: আল-জাজিরা
পূর্বকোণ/আদর


















