চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এবার ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

এবার ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৬ | ৯:৩২ অপরাহ্ণ

হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সানার একটি তেল স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এর এক ঘণ্টার মধ্যে সেখানে হামলা হয়।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক সানায় বিস্ফোরণের শব্দের তথ্য নিশ্চিত করেছেন।

ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, সানার পশ্চিমাঞ্চলের একটি তেল স্থাপনাকে টার্গেট করা হয়েছে।

সৌদি আরব থেকে যখন হামলার হুমকি দেওয়া হয় তখন হুতিরা পাল্টা হামলার হুমকি দেয়। এখন সৌদির বিমানবাহিনী সানায় হামলা চালাচ্ছে। আর নিজেদের ঘোষণা অনুযায়ী, হুতিরাও পাল্টা হামলা চালায় কি না সেটি এখন দেখার বিষয়।

হুতিরা তাদের হুমকিতে বলেছিল, যদি সৌদি আরব পূর্ব ঘোষণা অনুযায়ী সানায় বিমান হামলা চালায় তাহলে সৌদির দাম্মামের আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং রিয়াদের আরামকোর তেল পরিশোধনাগারে হামলা চালানো হবে। এ সময় সেখানে থাকা সব সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বানও জানায় তারা।

গত কয়েকদিন ধরেই হুতি ও সৌদির মধ্যে সরাসরি সংঘাত চলছে। এরমধ্যে গত শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ভয়াবহ মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই সৌদি হুতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।

সেই হুমকির পর সানার তেল স্থাপনাকে টার্গেট করল তারা। এরফলে হুতিদের সঙ্গে সৌদির উত্তেজনা আরও বৃদ্ধি পেলো।

সূত্র: আলজাজিরা

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট