চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ইসরায়েলের উত্তরাঞ্চলে গোলাবারুদ বিস্ফোরণে আহত অন্তত ২০

ইসরায়েলের উত্তরাঞ্চলে গোলাবারুদ বিস্ফোরণে আহত অন্তত ২০

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ণ

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবিস্ফোরিত গোলাবারুদ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কিবুতজ মানারা ও কিবুতজ ইফতাখের মধ্যবর্তী এলাকায় বিস্ফোরণের খবর পাওয়ার পর অধিকৃত পশ্চিম তীর সফরের পরিকল্পনা বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, বিস্ফোরণের পর প্যারামেডিকরা গুরুতর ও মাঝারি আহত আটজনকে চিকিৎসা দিচ্ছিলেন।

এ ছাড়া আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নে’ওত মরদেকাই এলাকার কাছে বিস্ফোরণটি ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবিস্ফোরিত গোলাবারুদ থেকে বিস্ফোরণটি ঘটেছে। এতে বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন প্রায় ২০ জন।

উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তারা এলাকাটি নিরাপত্তাবেষ্টিত করে ঘিরে রেখেছেন। বিস্ফোরণের কারণ ও উৎস অনুসন্ধানে কাজ করছেন বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সংবাদদাতা নূর ওদেহ জানান, লেবানন সীমান্তবর্তী ওই এলাকায় পিকনিক বা ভ্রমণে যাওয়া কয়েকজন ইসরায়েলির আশপাশে বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

ওদেহ বলেন, বিস্ফোরণের উৎস বা ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য খুব কম। তবে ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চল, বিশেষ করে উচ্চ গ্যালিলি ও লেবানন সীমান্ত এলাকা এখনো সামরিক অভিযানের মধ্যে রয়েছে। সেখানে ইসরায়েলি সেনারা মোতায়েন আছেন এবং গত তিন বছরে হাজার হাজার গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।

ওদেহ আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। এদিকে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট