চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সৌদিতে এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ৫:০৪ অপরাহ্ণ

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৪ হাজার ব্যক্তিকে। রবিবার (১১ অক্টোবর) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম সাত দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ পাওয়া যায়।

 

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে এক হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

 

বর্তমানে দেশটিতে ৩৩ হাজারের বেশি বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে আড়াই হাজারের বেশি নারী রয়েছেন। প্রয়োজনীয় ভ্রমণ নথি না থাকা ব্যক্তিদের কাগজপত্র প্রস্তুতের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হচ্ছে। পরবর্তী সময়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা যাতায়াতে সহযোগিতার অভিযোগে ইতোমধ্যে ২১ জনকে আটক করা হয়েছে।

 

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ প্রবাসীদের সহায়তা করার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

 

অবৈধ অভিবাসন ও সংশ্লিষ্ট অপরাধের তথ্য জানাতে সৌদি আরবের মক্কা ও রিয়াদসহ গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট