আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা। অপরদিকে,দূষণ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
রবিবার (১১ অক্টোবর) সকাল ৭টা ৫২ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
আইকিউএয়ারের সূচকে বলা হয়, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে কলকাতার দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, ঢাকার দূষণ স্কোর ১৬৪ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর।
দীর্ঘদিন ধরে এমন দূষিত বাতাসে নিশ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
পরিবেশবিদদের মতে, শুষ্ক মৌসুমে ধুলাবালি এবং নির্মাণকাজের ধোঁয়ার কারণে ঢাকায় বাতাসের মান ক্রমাগত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া ব্যক্তি ও শিশুদের বাইরে বের হওয়ার সময় সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
পূর্বকোণ/মিফতা



















