সৌদি আরবের রাজধানী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং বিমানবন্দরের একটি অংশ থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানবন্দরের ভেতরে তীব্র বিস্ফোরণের পর একাধিক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহে এই নিয়ে বিমানবন্দরটিতে দফায় দফায় হামলা হলো, যাতে এর আগেই বেশ কয়েকজন হতাহত এবং একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। হুথিরা সৌদি আকাশসীমাকে সামরিক এলাকা ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে তা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী সব ফ্লাইট বাতিল বা নিকটস্থ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কুয়েত এয়ারওয়েজ, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজসহ প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো রিয়াদের তাদের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সৌদি সরকার বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিমানবন্দরে বড় ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হলেও, রিয়াদে নির্ধারিত জ্বালানি ও বিনিয়োগ সম্মেলনগুলো নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই। এ দুই পবিত্র স্থান আক্রান্ত হলে সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে, তা দিতে বাংলাদেশ প্রস্তুত।
পূর্বকোণ/রানা/পারভেজ

















