পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে শুরু হওয়া আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। রাজধানীমুখী ‘লংমার্চ’ সপ্তম দিনে গড়ালেও তা বর্তমানে খাইবার পাখতুনখোয়ায় অবস্থান করছে। রাজনৈতিক উত্তেজনার এই চরম মুহূর্তে প্রদেশটির ১২টি জেলায় ‘জরুরি অবস্থা’ জারির পরিকল্পনা করছে দেশটির কেন্দ্রীয় সরকার।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতির অবনতির অজুহাত দেখিয়ে ওই অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা ইসলামাবাদের হাতে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে সরকারের এই পরিকল্পনাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে রাজপথ ও সংসদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, অন্তত দুই মাসের জন্য সংবেদনশীল ১২টি জেলায় একটি বিশেষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে। ২১তম গ্রেডের একজন সচিব ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই সচিবালয়ের কাছেই জবাবদিহি করবেন স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা।
কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া শাখার মুখপাত্র শওকত ইউসুফজাই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “১২টি জেলায় আলাদা প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সংবিধানের ১৮তম সংশোধনীর গুরুতর লঙ্ঘন। বলপ্রয়োগ বা জরুরি অবস্থা জারি করে এই সংকটের সমাধান হবে না। দেশের এখন রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা দরকার।”
ইউসুফজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, জোর করে গভর্নর শাসন বা জরুরি অবস্থা জারি করা হলে পিটিআই-এর প্রতিনিধিরা জাতীয় ও প্রাদেশিক পরিষদ থেকে একযোগে পদত্যাগ করবেন। তিনি আরও বলেন, ইমরান খান, তাঁর স্ত্রী ও বোনের মুক্তি, হাসপাতালে স্থানান্তর এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের বাইরে তাঁরা কোনো বেআইনি দাবি করছেন না।
অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে প্রদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে।
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পিটিআইকে ‘সংঘাতের রাজনীতি ছেড়ে চরমপন্থা এড়ানোর’ আহ্বান জানালে এর জবাবে ইউসুফজাই প্রশ্ন তোলেন, “নিজের ন্যায্য অধিকার ও নেতার জন্য আওয়াজ তোলা কি চরমপন্থা?”
এই সংকট নিরসনে পিটিআই যেকোনো সমঝোতা ও মধ্যস্থতাকে স্বাগত জানাবে উল্লেখ করে ইউসুফজাই বলেন, জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানের মধ্যস্থতার উদ্যোগকে তাঁরা ইতিবাচকভাবে দেখছেন। একই সাথে দেশকে আরও কানাগলিতে না ঠেলে সরকারকে জেদ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান তিনি।
পূর্বকোণ/রানা/পারভেজ

















