চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ধ্রুব রাঠি

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই আটক হয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠী। পুলিশের নির্দেশ অমান্য করায় তাকে আটক করা হয়। 
 
 
শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। 
 
 
এর আগে গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠিকে দিল্লি যেতে নিষেধ করা হয়েছিল।
 
 
সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে কেন্দ্র। শুক্রবার রাত থেকে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। ভোর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে দিল্লিগামী যাবতীয় মেল ও এক্সপ্রেস ট্রেন। সেই সঙ্গে রাজধানীর রাস্তা সকাল থেকে পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীও। জমায়েত ও প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে মাইকিং চলছে। এই পরিস্থিতিতে সকালেই গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে ধ্রুবের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সূত্রের খবর, তাকে যন্তর মন্তরে না-যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি কথা শোনেননি। তার পরেই তাকে আটক করা হয়।
 
 
 
ধ্রুবের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের নিন্দা করে সমাজমাধ্যমে সরব হয়েছে সিজেপি। লিখেছে, ‘‘ধ্রুব রাঠী আটক। একনায়ক সেই সমস্ত তরুণ-তরুণীকে দেখে আতঙ্কিত, যারা তার অপকর্ম নিয়ে প্রশ্ন তুলছে এবং চুপ করে বসে থাকতে চাইছে না।’’ উল্লেখ্য, শুধু ধ্রুব নয়, একাধিক জনপ্রিয় বিষয়স্রষ্টাকে আটক করা হয়েছে শনিবার। এঁরা প্রত্যেকেই ইন্টারনেটে জনপ্রিয়।
 
 
মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে সকালে রওনা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে। রাতেই তিনি জানান, দিল্লিতে নামলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তার উপর একাধিক ধারায় মামলা রুজু করা হতে পারে। কিন্তু জেলের ঘানি টানতে তিনি ভয় পান না। তাকে আটক করা হলে আন্দোলন যাতে থেমে না-যায়, সেই বার্তাও দিয়েছেন দীপকে।
 
 
দিল্লির বিস্তীর্ণ অংশে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। সিজেপির প্রতিবাদ কর্মসূচিতে তারা অনুমতি দেয়নি। রাত থেকে সকালের মধ্যে বহু মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ তরুণ-তরুণী। সংবাদসংস্থা পিটিআই ১৫০ জনকে আটকের খবর নিশ্চিত করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আটকের সংখ্যা হাজারের বেশি। এছাড়া, জনপথ-কর্তব্যপথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট