চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দুইবার বিষ প্রয়োগেও জীবিত সেই নারী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে

দুইবার বিষ প্রয়োগেও জীবিত সেই নারী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৬ | ৭:১২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেনাসি অঙ্গরাজ্যে সম্প্রতি বিষ প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ হওয়া সেই নারী জীবিত আছেন। তার এখন সম্পূর্ণ জ্ঞান আছে এবং তিনি কথা বলছেন। আজ বুধবার (৭ অক্টোবর) তার আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
 
গত সপ্তাহে ৫০ বছর বয়সী ক্রিস্টিয়া পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে তার শরীরে দুটি বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়। কিন্তু মৃত্যু না হওয়ায় এবং যন্ত্রণায় ছটফট করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
১৯৯৫ সালে ছেলে বন্ধুকে নিয়ে নিজের এক সহপাঠীকে হত্যা করেন ক্রিস্টিয়া। এরপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৮ বছর বয়সে হত্যাকাণ্ড ঘটানো ক্রিস্টিয়া দীর্ঘ ৩২ বছর ধরে বন্দি।
 
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার আপিল বাতিল করে দেওয়ার পর এবং টেনাসি অঙ্গরাজ্যে গভর্নর ক্ষমা করে দিতে অস্বীকৃতি জানানোর পর গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু এটি ব্যর্থ হয়।
 
 
ক্রিস্টিয়ার আইনজীবীরা জানিয়েছেন, হাসপাতালে তার হাতে হ্যান্ডকাফ ও শিকল পরানো আছে।
 
এক আইনজীবী বলেছেন, ক্রিস্টিয়া সাধারণ কথা বলতে পারছেন। তবে শরীরে ইনজেকশন পুশ করে যে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়েছে সেটি তিনি মনে করতে পারছেন না।
 
 
বিশেষজ্ঞ এবং তার আইনজীবীরা বলেছেন, ক্রিস্টিয়া যেভাবে সুস্থ হয়ে উঠছেন তা নজিরবিহীন।
 
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে ক্রিস্টিয়া একমাত্র ব্যক্তি যিনি বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও অলৌকিকভাবে বেঁচে গেছেন।
 
ইনজেকশন পুশ করার পরও যখন ক্রিস্টিয়ার প্রাণ যাচ্ছিল না তখন কারা কর্তৃপক্ষ বুঝে নেয় এই ইনজেকশনে তার মৃত্যু হবে না। এরপর তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এখন পুরোপুরি সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
হাসপাতালের চিকিৎসক ডাক্তার জোয়েল জিভত বলেছেন, “ক্রিস্টিয়া হাসপাতালে থাকার বিষয়টি মনে করতে পারছেন। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের যে চেষ্টা করা হয়েছে এ ব্যাপারে তার কিছু মনে আছে বলে আমার মনে হয় না।”
 
তিনি বলেছেন, ক্রিস্টিয়া তার নাম বলতে পেরেছেন। যখন তাকে মাস সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তিনি সেপ্টেম্বরের কথা বলেন। যদিও এখন অক্টোবর মাস চলে এসেছে। অর্থাৎ গত কয়েকদিনের কথা তার মনে নেই।
 
ফোর্ডহাম ল স্কুলের প্রফেসর ও অপরাধবিদ দেবোরাহ ডেন্নো বলেছেন, ক্রিস্টিয়ার জ্ঞান ফিরেছে এবং তিনি যে কথা বলছেন এতে তিনি ‘পুরোপুরি বিষ্মিত’ হয়েছেন।
 
সূত্র : বিবিসি
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট