চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

৭ অক্টোবর, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন এলাকায় ঝড়ের আশঙ্কায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১০১ ডলারের ওপরে উঠেছে।
 
বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়।
 
তেলের দাম বাড়ার পেছনে প্রধানত সরবরাহ নিয়ে নতুন করে তৈরি হওয়া উদ্বেগকে দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে এগিয়ে আসা ঝড় উৎপাদন ও পরিশোধন কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবে হামলাও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
 
রয়টার্স জানিয়েছে, মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঝড়টি দুই দিনের মধ্যে ২০২৬ সালের প্রথম আটলান্টিক হারিকেনে রূপ নিতে পারে। ঝড়ের সম্ভাব্য গতিপথে থাকা উপকূলীয় অঞ্চলগুলো যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ৫ শতাংশের সঙ্গে যুক্ত। ফলে উৎপাদন ও শোধনাগার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
 
অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে বাড়তি অপরিশোধিত তেল পাঠানো হচ্ছে। এতে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের ঝড়ের আশঙ্কা সেই স্বস্তি অনেকটাই কমিয়ে দিয়েছে।
 
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থায় নতুন কোনো বড় ধরনের বিঘ্ন দেখা দিলে তেলের দাম আরও কিছু সময় ১০০ ডলারের আশপাশে থাকতে পারে।
 
তথ্যসূত্র: রয়টার্স
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট