এশিয়ার বাজারে তেলের দাম আকস্মিকভাবে কমিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। আগামী নভেম্বর মাসের জন্য এশীয় ক্রেতাদের কাছে তেল বিক্রির আনুষ্ঠানিক মূল্য গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত মূল্য নির্ধারণী নথিতে এ তথ্য পাওয়া গেছে। এর আগে রয়টার্সের এক সমীক্ষায় মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্কের সঙ্গে মিল রেখে নভেম্বর মাসে তেলের দাম ব্যারেলপ্রতি সামান্য বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পূর্বাভাসের বিপরীত সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো।
সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ায় বিক্রির জন্য নভেম্বর মাসের আরব লাইট ক্রুড অয়েলের মূল্য ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে ব্যারেলপ্রতি ৫ ডলার কমে নির্ধারণ করেছে, যা গত মাসের তুলনায় ৩ ডলার কম। রয়টার্সের হিসাবে, ২০২০ সালের জুনের পর এটাই এশিয়ার জন্য সৌদি আরবের সবচেয়ে বড় ডিসকাউন্ট।
শুধু আরব লাইট নয়, এশিয়ার বাজারে বিক্রি হওয়া ভারী গ্রেডের তেল আরব মিডিয়াম ও আরব হেভির দামও ব্যারেলপ্রতি ৫ ডলার কমানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রেকর্ড পরিমাণ সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ বা ফ্রেইট রেট এবং ইরানের সঙ্গে সংঘাতের প্রভাবে সৃষ্ট রপ্তানি বিঘ্ন এড়াতে এশীয় ক্রেতাদের বাজার ধরে রাখতেই এই মূল্য হ্রাস করা হয়েছে। সম্প্রতি লোহিত সাগর ও হরমুজ প্রণালির আশপাশে ট্যাংকার ভাড়ার খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের সেই বাড়তি খরচ পুষিয়ে দেওয়ার জন্যই মূলত এই পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।
এশিয়ার বাজারে তেলের দাম কমানো হলেও ঠিক বিপরীত চিত্র দেখা গেছে ইউরোপের ক্ষেত্রে। সৌদি আরামকো উত্তর-পশ্চিম ইউরোপের সব গ্রেডের তেলের জন্য নভেম্বর মাসের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়িয়ে দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















