ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা ও বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ২৯ সেন্ট বেড়ে ১০২ দশমিক ৬০ ডলারে উঠেছে।
আর মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি এবং অতিরিক্ত ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে-এমন খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার তেলের দাম দ্রুত বাড়ে।
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা নিয়েও উদ্বেগ রয়েছে। বিশ্বজুড়ে ডিজেল সংকটের আশঙ্কাও বাজারে প্রভাব ফেলছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে বলেন, এখন আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। তারা (ইরান) হয় একটি অত্যন্ত ন্যায্য চুক্তিতে স্বাক্ষর করবে, নয়তো তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।
এদিকে, বিশ্বের অন্যতম শীর্ষ তেল সরবরাহকারী দেশ চীন অক্টোবর মাসে তাদের অধিকাংশ জ্বালানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে বৈশ্বিক বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে সৌদি আরবের তেল রপ্তানি পুনরায় স্বাভাবিক হওয়া এবং ইউরোপীয় দেশগুলোকে জরুরি ডিজেল মজুত থেকে সরবরাহ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপের কারণে বাজারে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমেছে।
সূত্র: আল-জাজিরা
পূর্বকোণ/ইবনুর

















