চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত ৫

গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তেল আল-হাওয়া নামে একটি এলাকায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত পাঁচজন ও আহত হয়েছেন বেশ কয়েকজন । 
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলিরা তেল আল-হাওয়ায় একটি গাড়িকে টার্গেট করে। যারা নিহত হয়েছেন তারা সবাই গাড়ির ভেতর ছিলেন নাকি বাইরে ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 
২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। এরপর থেকেই গাজায় গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল।
 
গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। তা সত্ত্বেও দখলদাররা তাদের হামলা অব্যাহত রেখেছে। তারা প্রতিদিনই উপত্যকাটিতে বিমান হামলা চালাচ্ছে।
 
ফিলিস্তিনিদের শঙ্কা ইসরায়েলিরা হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে। এরফলে আসন্ন শীতে তারা আরও দুর্ভোগে পড়তে পারেন।
 
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
 
ইসরায়েল গাজায় হামলা চালানোর পরপরই দাবি করে থাকে হামাসের সদস্যদের টার্গেট করে তারা। তবে যারা আহত বা নিহত হন তাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।
 
 
 
ইসরায়েলিরা গাজায় প্রতিদিন হামলা চালালেও হামাস যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালায়নি। এছাড়া হামাস আগের চেয়ে অনেকটা দুর্বলও হয়ে গেছে। 
 
সূত্র: আলজাজিরা
 
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট