পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা খাতে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে আদানি গ্রুপ। কলকাতার নিউ টাউনে আন্তর্জাতিক মানের দুই হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণ করবে গৌতম আদানির প্রতিষ্ঠানটি। নাম ‘আদানি আরোগ্য মন্দির’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে হাসপাতালের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গৌতম আদানি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বক্তব্যের শেষ দিকে বাংলায় কথা বলেন আদানি। তিনি বলেন, ‘বাংলা জাগবে, বাংলা এগোবে। বাংলার শক্তি ভারতের গতি।’ শেষে যোগ করেন, ‘ধন্যবাদ, জয় বাংলা।’
নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাবে প্রায় ৫১.৭৫ একর জমিতে হাসপাতালটি নির্মিত হবে। প্রকল্পে খরচ হবে ৪ হাজার কোটি রুপিরও বেশি।
আদানি গ্রুপ জানিয়েছে, হাসপাতালটি হবে অলাভজনক উদ্যোগ। মোট শয্যার প্রায় অর্ধেক, অর্থাৎ এক হাজার শয্যা থাকবে আর্থিকভাবে অনগ্রসর মানুষের জন্য। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় এই রোগীরা চিকিৎসা পাবেন। হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজ, গবেষণা কেন্দ্র ও আনুষঙ্গিক চিকিৎসা-শিক্ষার অবকাঠামোও তৈরির পরিকল্পনা রয়েছে।
২০৩৫ সালের মধ্যে ১ লাখ কোটি রুপির বেশি বিনিয়োগ
গৌতম আদানি জানান, ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লাখ কোটি রুপির বেশি বিনিয়োগের লক্ষ্য রয়েছে গ্রুপের। বন্দর, লজিস্টিকস, জ্বালানি, সড়ক, গ্রিন সিমেন্ট ও ডেটা সেন্টারের মতো খাতে এই অর্থ লগ্নি হতে পারে। পশ্চিমবঙ্গকে তিনি নিজের পূর্বাঞ্চলীয় ‘কর্মভূমি’ বলে উল্লেখ করেন এবং রাজ্যের শিল্প, অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও কথা বলেন।
রাজ্য সরকারের সঙ্গে দুটি সমঝোতা স্মারক
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকার ও আদানি গ্রুপের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। একটির বিষয় ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার, অন্যটি কলকাতার দুর্গাপূজাকে বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ। এ ছাড়া কুমোরটুলি ঘাট পুনর্নির্মাণেও আদানি গ্রুপ উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
পূর্বকোণ/আদর

















