ওমানের পূর্ব উপকূলে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হামলার শিকার এমভি কেপ দাও জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ওমানের ভারতীয় দূতাবাসের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ভারতীয় দূতাবাস জানায়, এ হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।
দূতাবাস আরও জানায়, তারা নিহতের পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার (আরপিএসএল) সাথে যোগাযোগ রাখছে।
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত বলেছে, ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এমভি কেপ দাও’ জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধারকৃত নাবিকদের দ্রুত দেশে ফেরত পাঠাতে ওমান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে।
বিবৃতিতে বলা হয়, আজ ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাও-এ আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে একজন ভারতীয় প্রাণ হারিয়েছেন। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমান উপকূলে ভারত অভিমুখী ‘এমভি কেপ দাও’ নামের একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বুধবার ওমানের ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
তারা আরও জানায়, উক্ত অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলার ঘটনা “অত্যন্ত উদ্বেগজনক”। আরও বলা হয়, ‘উত্তেজনা হ্রাস এবং অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা পুনরায় সংলাপ ও কূটনীতির আহ্বান জানাচ্ছি। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। একই সাথে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের অবাধ ও বাধাহীন চলাচল দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই হামলার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাহাজে থাকা ১৯ জন ভারতীয় নাগরিকসহ সকল ক্রু সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে ওমান কর্তৃপক্ষের সাথে সমন্বয় রক্ষা করছে।
পূর্বকোণ/ইবনুর

















