চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৪০ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতার প্রভাব পড়ছে এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি বাজারে। কোথাও ভর্তুকি দিয়ে দাম কম রাখা হচ্ছে, আবার কোথাও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশেও ২১ সেপ্টেম্বর থেকে সব ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

 

বিশ্বজুড়ে জ্বালানি তেলের খুচরা বাজারদর পর্যবেক্ষক ওয়েবসাইট ‘গ্লোবাল পেট্রোল প্রাইসেস’– এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ডিজেলের দাম ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা লিটার। নতুন দাম কার্যকর হওয়ার পর চার ধরনের জ্বালানিই দেশের ইতিহাসে সর্বোচ্চ খুচরা দরে পৌঁছেছে।

 

এশিয়া বিভিন্ন দেশের জ্বালানির দাম

 

ভারত

 

কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটার ৯৯ দশমিক ৮২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ দশমিক ৭৬ টাকা এবং পেট্রোল ১১৩ দশমিক ৫১ রুপিতে বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬১ দশমিক ৫০ টাকা। এছাড়াও দিল্লিতে পেট্রোল ১০১ দশমিক ৯৬ ভারতীয় রুপি, মুম্বাইয়ে ১১১ দশমিক ২১ রুপি এবং চেন্নাইয়ে ১০৭ দশমিক ৭৬ রুপিতে বিক্রি করা হচ্ছে।

 

পাকিস্তান

 

বর্তমানে দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৩৮৯ দশমিক ১৪ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭১ টাকা) এবং হাই–স্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৬ টাকা)।

 

নেপাল

 

 

নেপালের জ্বালানি নিয়ন্ত্রণকারী সংস্থা– এনওসি–এর সর্বশেষ সংশোধিত দর অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রতি লিটার পেট্রোল ২০০ নেপালি রুপি এবং প্রতি লিটার ডিজেল ২০০ নেপালি রুপিতে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬১ টাকা। তবে পাহাড়ি দুর্গম অঞ্চলগুলোতে পরিবহন ব্যয়ের কারণে দেশটির জেলাভেদে খুচরা মূল্যে ১ থেকে ২ রুপির সামান্য পার্থক্য দেখা যায়।

 

শ্রীলঙ্কা

 

 

বর্তমানে শ্রীলঙ্কায় বহুল ব্যবহৃত স্ট্যান্ডার্ড পেট্রোল (৯২–অকটেন) প্রতি লিটার ৩৯৯ শ্রীলঙ্কান রুপি এবং ৯৫–অকটেন প্রিমিয়াম পেট্রোল ৪৭৫ শ্রীলঙ্কান রুপিতে বিক্রি হচ্ছে।

 

 

অন্যদিকে, সাধারণ অটো ডিজেল প্রতি লিটার ৩৮২ শ্রীলঙ্কান রুপি এবং সুপার ডিজেল ৪৭৮ শ্রীলঙ্কান রুপিতে বিক্রি হচ্ছে।

 

 

মালয়েশিয়া

 

 

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ভর্তুকিযুক্ত পেট্রোলের দাম তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। দেশটির নিম্ম আয়ের নাগরিকদের পেট্রোলের ভর্তুকিযুক্ত মূল্য নির্ধারিত রয়েছে ১ দশমিক ৯৯ রিঙ্গিত, যা আনুমানিক ৫৮ টাকা লিটার। তবে উচ্চবিত্ত নাগরিকদের ক্ষেত্রে দাম বেশি।

 

 

থাইল্যান্ড

 

 

থাইল্যান্ডে ডিজেলের দাম প্রতি লিটার ৪০ দশমিক ৬৯ বাত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫১ দশমিক ২২ টাকা। আর পেট্রোলের ৪৯ দশমিক ১৬ বাট বা ১৮১ দশমিক ৪০ টাকা।

 

 

ইন্দোনেশিয়া

 

 

ইন্দোনেশিয়ায় বর্তমানে প্রতি লিটার পেট্রোলের (অকটেন–৯৫) দাম ১৬,৬০০ ইন্দোনেশিয়ান রুপিয়াহ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৫ টাকা। তবে সেখানে বাণিজ্যিক ও প্রিমিয়াম ডিজেলের দাম বেশ চড়া, প্রতি লিটার প্রায় ২৫ হাজার ৪২০ রুপিয়াহ বা বাংলাদেশি টাকায় প্রায় ১৭৬ টাকার কাছাকাছি।

 

 

চীন

 

 

চীনের বাজার নিয়ন্ত্রণে সরকার কিছুটা শুল্ক ও ভর্তুকি সমন্বয় করায় সেখানে প্রতি লিটার পেট্রোল ৮ দশমিক ৬১ চীনা ইউয়ানে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ টাকা। দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম ৭ দশমিক ৬৯ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ১২২ টাকা।

 

 

মিয়ানমার

 

 

বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে সামরিক জান্তা সরকার ও অভ্যন্তরীণ সংকটের কারণে জ্বালানির বাজারে কিছুটা ভিন্ন রূপ দেখা যায়। দেশটিতে প্রতি লিটার পেট্রোল প্রায় ৪ হাজার ৯২ দশমিক ৫৬ মিয়ানমার কিয়াট এবং ডিজেল ৪ হাজার ৩৩০ দশমিক ৯৮ কিয়াটে বিক্রি হচ্ছে (বাংলাদেশি মুদ্রায় পেট্রোল প্রতি লিটার প্রায় ১৫৪ টাকা এবং ডিজেল প্রায় ১৬৪ টাকা)।

 

ভিয়েতনাম

 

 

ভিয়েতনামে তেলের দাম তুলনামূলক স্বাভাবিক। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ২৪ হাজার ২২ ভিয়েতনামী ডং (বাংলাদেশি টাকায় প্রায় ১১৯ টাকা) এবং ডিজেল প্রতি লিটার ২৮ হাজার ৭৬০ ডং (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২ টাকা)।

 

 

জাপান

 

 

উন্নত দেশ জাপানে জ্বালানির ওপর উচ্চমাত্রায় পরিবেশ ও জ্বালানি শুল্ক বা ট্যাক্স ধার্য থাকে। জাপানি মুদ্রা ইয়েনের হিসাবে সেখানে প্রতি লিটার পেট্রোলের বর্তমান দাম ১৭২ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে প্রায় ১৩৫ টাকা হয়। এছাড়া জাপানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১৬১ ইয়েনে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৬ টাকার সমান।

 

 

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট