চট্টগ্রামের সীতাকুণ্ডে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বিটিসিএলের আরও এক শ্রমিক।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা হাক্কানি ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিকের নাম মো. ইমরান (২৮)। তিনি বগুড়া কালাহু থানার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে। আহত শ্রমিকের নাম মো. জাকির হোসেন (৫০)।
কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালায় হাক্কানি ফিলিং স্টেশনের সামনে বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় একটি বেপরোয়া গতির বালুবোঝাই একটি ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫) বিটিসিএলের শ্রমিক ইমরান ও তাদের মিনি ট্রাকের ড্রাইভার জাকির হোসেনকে সজোরে ধাক্কা দেন। এতে শ্রমিক ইমরান মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মিনি ট্রাকের চালক জাকির হোসনেও গুরতর আহত হয়।
গুরুতর আহত শ্রমিক জাকির হোসেনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/পিআর

















