পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
রবিবার লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পদযাত্রার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। দলটির বড় ধরনের এই সমাবেশের আগে লাহোর থেকে কারাবন্দী ইমরান খানের বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাহোর জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জেলা প্রশাসন বলেছে, জনসমক্ষে আলিমা খানের যেকোনও ধরনের উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
কারাগারে থাকা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে রাজধানী ইসলামাবাদ অভিমুখে ওই প্রতিবাদ পদযাত্রার কর্মসূচি দিয়েছে পিটিআই। এর আগে, শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিটিআইয়ের এই প্রতিবাদ পদযাত্রা ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।
ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানের গ্রেপ্তারকে ‘‘অত্যন্ত ন্যাক্কারজনক’’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
জুলফি বুখারি বলেন, ‘‘২৭ সেপ্টেম্বরের পদযাত্রা নিয়ে সরকারের ভেতরের ভয় ও আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে; যা এই গ্রেপ্তারের মাধ্যমে প্রতিফলিত হলো।’’
সূত্র: রয়টার্স
পূর্বকোণ/আদর/পারভেজ
















