ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরব তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এ নিয়ে এক বিবৃতিতে ইয়াহিয়া বলেছেন, “আমাদের জনগণ ও দেশের বিরুদ্ধে নৃসংশ আগ্রাসনের মধ্যে, সৃষ্টিকর্তার সহায়তা ও কৃপায় আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এটি মারিবের আকাশসীমায় শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল সেখানে থাকা তাদের সেনাদের জড়ো করায় সহায়তা করতে।”
ইয়েমেনে স্থানীয়ভাবে তৈরি একটি সারফেস টু এয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্র আলজাজিরাকে বলেছেন, হুথিরা যুদ্ধবিমানটি হেলান পাহাড়ের কাছে ধ্বংস করেছে। যা মারিবের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
সূত্র: আলজাজিরা
পূর্বকোণ/ইবনুর
















