অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে সৌদিতে ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯০০ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৯৮২ জনের সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ৩৭৮ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এছাড়া একই সময়সীমায় সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের অভিযোগে পৃথকভাবে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ৫২৪ জন। এই গ্রেপ্তারদের ৬৩ শতাংশ ইথিওপিয়া, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলতি আগস্টের শুরু থেকে অভিযান শুরু করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩১ হাজার ৯২২ জনকে। গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং ১৮ হাজার ৮০৮ জনকে তাদের নিজ দেশের দূতাবাসগুলোতে হস্তান্তার করা হয়েছে।
যে ৩১ হাজার ৯২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।
এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির কোনো নাগরিকের বিরুদ্ধে যদি অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ওই নাগরিককে সর্বোচ্চ ১৫ বছর কারাবাসের সাজা ভোগ করতে হবে।
সূত্র : গালফ নিউজ
পূর্বকোণ/আদর/পারভেজ

















