চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২৬ | ১০:২০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা বিদেশি নাগরিকদের অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে।

 

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বক্তব্যের বরাতে এ তথ্য জানা গেছে।

 

নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিল করা হবে। এ কার্যক্রম মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে।

 

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে। তবে এমন উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।

 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক বিদেশি অ-অভিবাসী ভিসায় স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এবং পরে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এসব আবেদনকারীকে শনাক্ত করে তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি পিগোট। তিনি বলেন, প্রক্রিয়াটি চলমান থাকায় এখনই চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয়। সূত্র : এপি

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট