চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬ | ১২:০০ অপরাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ধসে পড়া আবর্জনার স্তূপের তলায় চাপা পড়ে ৩০ জন নিজত হয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

রবিবার রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে দার-এস-সালাম এলাকার একটি বড় বর্জ্য ফেলার স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের কয়েকটি বাড়ির ওপর পড়ে।

 

ধসের পর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।

 

নিখোঁজদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারীরা খননযন্ত্র দিয়ে আবর্জনার স্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালাচ্ছেন। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদেরও ভিড় করতে দেখা গেছে।

 

স্থানীয় এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। এলাকার নেতা লানসিনে সিল্লা বলেন, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান তদারক করছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

 

এই বর্জ্য ফেলার স্থানটিতে এর আগেও প্রাণঘাতী ধসের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন। সূত্র : রয়টার্স

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট