মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচলে। রবিবার (২৩ আগস্ট) এমিরেটস, এয়ার অ্যারাবিয়া ও ফ্লাইদুবাইয়ের একাধিক ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটসের দুবাই-বাহরাইন রুটের EK835 ও EK837 ফ্লাইট বাতিল হয়েছে। তবে EK839 এবং দুবাই-কুয়েত রুটের EK857 ও EK858 নির্ধারিত রয়েছে।
ফ্লাইদুবাইয়ের দুবাই-বাহরাইন রুটের FZ8504 ফ্লাইটও বাতিল হয়েছে। অন্যদিকে ইতিহাদ এয়ারওয়েজের আবুধাবি-বাহরাইন ও আবুধাবি-কুয়েত রুটের বেশিরভাগ ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
এয়ার অ্যারাবিয়ার আবুধাবি-কুয়েত, শারজাহ-বাহরাইন ও শারজাহ-কুয়েত রুটের কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। আরও কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন করেনি বা সময় পরিবর্তন করা হয়েছে।
এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার কানাডা, ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস, কেএলএম, ফিলিপাইন এয়ারলাইনস, লুফথানসা ও সুইসসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট স্থগিত করেছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে এয়ারলাইনগুলো নিয়মিতভাবে ফ্লাইট সূচি পর্যালোচনা করছে। ফলে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বকোণ/রেহেনুমা


















