চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান,আহত অন্তত ৩৭

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত অন্তত ৩৭

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ১১:১৮ পূর্বাহ্ণ

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে আবারো ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পে টোকিওসহ দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র এই কম্পনে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। তবে এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। শক্তিশালী কম্পনের পর ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন, প্রিফেকচারাল কর্মকর্তা এবং অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, টোকিওসহ পাঁচটি প্রিফেকচারে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টোকিওতে ১৫ জন, সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৮ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে একজন রয়েছেন।

আহতদের বেশির ভাগই ভূমিকম্পের সময় ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ভূমিকম্পের সময় ভোর হওয়ায় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কম্পন শুরু হলে অনেকে ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়েন। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি কার্যক্রম শুরু করে স্থানীয় প্রশাসন।

কম্পনের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। দলটি বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ৩৮ জন নিহত এবং ৩৬৪ জন আহত হন। তথ্যসূত্র: এনডিটিভি

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট