ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের ‘সাইবার-গুপ্তচরদের’ অপারেশনের সিস্টেম হ্যাক করে তাদেরই ‘কাঁধে চড়ে’ বিভিন্ন দেশ ও সংস্থার ইন্টারনেট-পরিসরে আক্রমণ চালিয়েছে রাশিয়ার হ্যাকাররা। আক্রমণের সিস্টেম ইরানের মনে হলেও ধরন রাশিয়ার বলেই মনে করছেন আক্রান্ত কয়েকটি দেশের কর্মকর্তারা।
ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বরাতে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। ব্রিটিশ-মার্কিন গোয়েন্দাদের মতোই অভিযোগ এস্তোনিয়া ও চেক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের।
আক্রান্ত দেশের কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়ার এই হ্যাকার গ্রুপটির নাম ‘তুরলা’। তারা কাজ করছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির পক্ষে। ইরানি সাইবার-গুপ্তচরদের হ্যাকিং গ্রুপ ‘এপিটি-৩৪’র কম্পিউটার ব্যবস্থা ও সাইবার টুল ব্যবহার করে ‘তুরলা’ এই হ্যাকিং কার্যক্রম চালিয়েছে। এপিটি-৩৪’র ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ সিস্টেম ব্যবহারের মাধ্যমে গত ১৮ মাসে ২০টি দেশের বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের ইন্টারনেট-মহল সফলভাবে হ্যাক করেছে তারা।
এই হ্যাকিং অপারেশন যদিও মধ্যপ্রাচ্যে বেশি চলেছে, তবে আক্রমণ হয়েছে ব্রিটেনের বিভিন্ন সংস্থায়ও। ব্রিটিশ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার (জিসিএইচকিউ) ঊর্ধ্বতন কর্মকর্তা পল কাইচেস্টার বলেন, সরকারের পোষ্য একদল হ্যাকার বেশ সক্রিয়ভাবে কাজ করছে।


















