চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আইএস জঙ্গিদের ফেরত নেবে ইউরোপীয় দেশগুলো: ট্রাম্পের দাবি

২০ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কিছু ইউরোপীয় দেশ ইরাক ও সিরিয়ায় এক সময় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়া নাগরিকদের ফেরত নিতে রাজি হয়েছে বলে খবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় একথা জানান। ট্রাম্প বলেন, এই প্রথম কিছু ইউরোপীয় দেশ তাদের যেসব নাগরিক আইএস’র হয়ে জঙ্গি তৎপরতা চালিয়েছিল তাদের ফেরত নিতে রাজি হয়েছে। ইউরোপীয় দেশগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি এসব দেশ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প বহুবার ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের দেশের এ নাগরিকদের ফেরত না নিলে ইরাক ও সিরিয়া থেকে আটক এসব জঙ্গিকে আমেরিকা মুক্ত করে দেবে।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকে এ জঙ্গিদের ভয়ঙ্কর উত্থান ঘটে এবং তিন বছরের মাথায় দেশ দু’টি থেকে তারা উৎখাত হয়ে যায়।
২০১৪ সালে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর মদদে ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস’র উত্থান ঘটলে ইউরোপীয় দেশগুলো থেকে হাজার হাজার যুবক এ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। উগ্র এ সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যের দেশ দু’টি থেকে উৎখাত হয়ে যাওয়ার পর এখন নিজ দেশের নাগরিক এসব জঙ্গিকে নিয়ে চরম বিপাকে পড়েছে ইউরোপীয় দেশগুলো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট